প্রিন্ট এর তারিখ: September 26, 2026, 10:12 pm || প্রকাশের তারিখ: September 26, 2026, 6:48 pm
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনের মনোনয়নপত্র জমা
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১-দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর দেলাওয়ার হোসেন বলেন, “ঠাকুরগাঁও উপনির্বাচনে আজ মনোনয়নপত্র জমা দিয়েছি। ইনশাআল্লাহ জয়ের ব্যাপারে আশাবাদী। গত জাতীয় সংসদ নির্বাচনেও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আপনারা জানেন, আমার প্রতিদ্বন্দ্বী বিএনপির মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন।”
তিনি আরও বলেন, “নির্বাচনের সময় ভোটারদের কাছে ফখরুল ইসলাম বলতেন, এটাই আমার জীবনের শেষ নির্বাচন। দীর্ঘদিনের ত্যাগী ও সর্বজন শ্রদ্ধেয় হওয়ায় অনেকেই তাকে ভোট দিয়েছেন। এবার ঠাকুরগাঁও-১ আসনের মানুষ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।”
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মো. বেলাল উদ্দিন প্রধান, জেলা জামায়াতের সেক্রেটারি মো. আলমগীর, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক কফিল উদ্দিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন দেলাওয়ার হোসেন।
দেলাওয়ার হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।