প্রিন্ট এর তারিখ: September 27, 2026, 12:42 pm || প্রকাশের তারিখ: September 27, 2026, 10:38 am
নওগাঁয় মিছিলের প্রস্তুতি থেকে ডিবি হেফাজতে, নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের ১১ জন আটক
নওগাঁয় মিছিলের প্রস্তুতি থেকে ডিবি হেফাজতে, নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের ১১ জন আটক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁয় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় তাদের আটক করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, তারা জেলার আত্রাই, রানীনগর, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা নওগাঁয় জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছেন—এমন তথ্য পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা বলিহার ব্রিজ এলাকায় অবস্থান নেন।
পরে স্থানীয় বলিহার ও ভীমপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহযোগিতায় তাদের ঘেরাও করে আটক করা হয়। পরে খবর পেয়ে ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেন।
এ বিষয়ে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি ডিবি) হাসিবুল্লাহ হাবিব জানান, খবর পেয়ে মিছিলের প্রস্তুতিকালে বলিহার ব্রিজ এলাকা থেকে ১১ জনকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
তাদের কোনো নাশকতামূলক পরিকল্পনা ছিল কি না, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।