আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 27, 2026, 4:59 pm || প্রকাশের তারিখ: September 27, 2026, 1:18 pm
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ২
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদী নামাপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে মানিকদী নামাপাড়া এলাকায় অবস্থিত নিউগিনি প্রপার্টিজের অভ্যন্তরে অস্ত্রশস্ত্রসহ প্রায় ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তি প্রবেশ করে হামলা ও ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে ক্যান্টনমেন্ট থানা পুলিশকে বিষয়টি জানান।
খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত), পুলিশ পরিদর্শক (অপারেশন), টহল পার্টিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তখন অজ্ঞাতনামা ব্যক্তিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড শটগানের গুলি ছোড়ে এবং সতর্কতার সঙ্গে ঘটনাস্থলের দিকে অগ্রসর হয়। একপর্যায়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়। এ সময় চারটি পিস্তলের গুলির খোসা ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, ৩৫ কাঠা জমির দখল-বেদখল নিয়ে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী ও নিউগিনি প্রপার্টিজের মালিক নাজিম উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীর পক্ষের লোকজন নিউগিনি প্রপার্টিজের অভ্যন্তরে প্রবেশ করে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আটক দুজন হলেন মামুন (৩২) ও আসলাম (২৪)। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম