প্রিন্ট এর তারিখ: September 28, 2026, 12:41 am || প্রকাশের তারিখ: September 27, 2026, 5:47 pm
খেলতে গিয়ে নিখোঁজ, সন্ধ্যায় পলিথিনে মোড়ানো মরদেহ
মোল্লাহাটে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যার প্রাথমিক ধারণা পুলিশের | মাছের ঘেরের পাড় থেকে উদ্ধার | রহস্য উদঘাটনে তদন্ত
সিনিয়র স্টাফ রিপোর্টার
:বাগেরহাটের মোল্লাহাটে মুসলিমা (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া মধ্যপাড়া এলাকায় একটি মাছের ঘেরের পাড় থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
নিহত মুসলিমা কোদালিয়া ইউনিয়নের ইসলাম শেখের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বাড়ির পাশে সমবয়সী শিশুদের সঙ্গে খেলছিল মুসলিমা। খেলার একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে প্রতিবেশীরাও তাদের সঙ্গে যোগ দেন।
সন্ধ্যার পর স্থানীয়রা কচুড়িয়া মধ্যপাড়া এলাকার একটি মাছের ঘেরের পাড়ে পলিথিনে মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় কাছে গিয়ে তারা শিশুটির মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে অন্য কোনো স্থানে হত্যার পর মরদেহটি পলিথিনে মুড়িয়ে মাছের ঘেরের পাড়ে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে এবং কারা এ ঘটনায় জড়িত—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থলে পুলিশ, তদন্তে গোয়েন্দা সংস্থা
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং হত্যার কারণ কী, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে সাত বছরের শিশুর এমন মৃত্যুতে এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।