আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 27, 2026, 11:46 pm || প্রকাশের তারিখ: September 27, 2026, 5:56 pm
টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক
টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে দুটি জি-৩ রাইফেল, ৪২টি গুলি, দেশীয় তৈরি দুটি একনলা বন্দুক, বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের বহনকারী একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা টাওয়ার স্টেশন বাজার এলাকায় এ অভিযান চালায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর একটি অভিযানিক দল।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেদা বাজার হয়ে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের একটি চালান নেওয়ার খবর পেয়ে সকাল ১০টার দিকে বিজিবির একটি দল লেদা বাজার এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহজনক একটি ইজিবাইক থামিয়ে তাতে থাকা বস্তায় মেটাল ডিটেক্টরের মাধ্যমে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত করা হয়।

এরপর ইজিবাইকসহ তিনজনকে লেদা বিওপিতে নিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় আলুর বস্তার ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় অস্ত্র, গুলি, বিস্ফোরক ও বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায় বলে জানিয়েছে বিজিবি।

জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে—দুটি জি-৩ রাইফেল, একটি বড় ও একটি ছোট দেশীয় তৈরি একনলা বন্দুক, ৪২টি গুলি, একটি ম্যাগাজিন, তিনটি টেজার, ছয়টি ওয়াকিটকি সেট, চার কেজি বিস্ফোরক দ্রব্য, ২৫টি জর্দার কৌটা, ২৫টি লাল স্কচটেপ, দুটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন। এ ছাড়া ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—মো. উসমান বেলাল, মো. মুসলিম ও মো. আনসার আলী। বিজিবি জানিয়েছে, তাঁদের মধ্যে উসমান বেলাল ও আনসার আলী ১ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্প এবং মো. মুসলিম ২৬ নম্বর মোচনি এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের চোরাচালানসহ সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্রের চালান প্রতিহত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম