প্রিন্ট এর তারিখ: September 27, 2026, 11:46 pm || প্রকাশের তারিখ: September 27, 2026, 8:02 pm
‘দেশের যেকোনো ছাত্র সংসদ নির্বাচনে শিবির জিতবে’: সিবগাতুল্লাহ সিবগা
মো:ফেরদৌস আহমেদ মিরাজ
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
দেশের যেকোনো জায়গায় অবাধ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে ইসলামী ছাত্রশিবির বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম পৌর টাউন হলে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবির আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সিবগাতুল্লাহ সিবগা বলেন, ‘বাংলাদেশের রাজনীতির প্যাটার্ন অত্যন্ত নেতিবাচক রূপ নিয়েছে। যেখানে রাজনীতি বলতে শুধুই সভা-সমাবেশ, মিছিল ও মারামারিকে বোঝানো হয়। এই ধারা থেকে বেরিয়ে ইসলামী ছাত্রশিবির একটি গঠনমূলক ও বিকল্প ব্যবস্থা তৈরি করেছে।’
তিনি বলেন, ‘ইসলামী ছাত্রশিবির কেবল একটি সাধারণ ছাত্র সংগঠন নয়, এটি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের ধাপে ধাপে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের নিজস্ব সিলেবাস, অনলাইন লাইব্রেরি এবং মেধাবীদের মূল্যায়নে বিজ্ঞান বিষয়ক নানা আয়োজন ও এ-প্লাস সংবর্ধনার মতো শিক্ষার্থীবান্ধব কর্মসূচি রয়েছে।’
সম্প্রতি অনুষ্ঠিত পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের জয়লাভের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীরা ‘ইতিবাচক রাজনীতি’ প্রত্যাশা করে এবং এসব নির্বাচনের ফলাফলে তার প্রতিফলন দেখা গেছে।
নিজেদের বিভিন্ন কর্মসূচি ও প্রস্তাবনার মাধ্যমে শিবির সাধারণ শিক্ষার্থীদের সমর্থন পেয়েছে দাবি করে সিবগাতুল্লাহ বলেন, দেশের যেকোনো জায়গায় অবাধ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে শিবির তাদের জনপ্রিয়তার প্রমাণ দিয়ে বিজয়ী হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান রিফাত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোশাররফ হোসেন এবং সংগঠনটির সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আশিকুর রহমান।