আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 28, 2026, 4:07 pm || প্রকাশের তারিখ: September 28, 2026, 1:52 pm
আগুনে পুড়ে ছাই বাবলুর একমাত্র ঘর, মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই
আগুনে পুড়ে ছাই বাবলুর একমাত্র ঘর, মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই
‎
‎ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ঘনিবিষ্ণুপুর বন্দরপাড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বাবলু ওরফে হেদলা (৫০) নামের এক দিনমজুরের একমাত্র বসতঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্রসহ তার শেষ সম্বলটুকুও আগুনে হারিয়ে গেছে। বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন তিনি। নিঃস্ব বাবলু ওই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে। ​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছিলেন বাবলু। একটি মাত্র টিনছাপড়া ঘরেই চলতো তার রান্না, খাওয়া ও ঘুমানোর সব আয়োজন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে হঠাৎ করে সেই ঘরটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা চালান এবং পার্শ্ববর্তী আটোয়ারী উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরটির পুরো অংশই পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ​ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানান, আগুনে পুড়ে বাবলু এখন একেবারেই নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছেন। তার মাথা গোঁজার আর কোনো উপায় নেই। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে পুনরায় ঘুরে দাঁড়াতে ও একটি নতুন মাথা গোঁজার ঠাঁই তৈরি করতে সরকারি ও বেসরকারি জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম