প্রিন্ট এর তারিখ: September 28, 2026, 10:50 pm || প্রকাশের তারিখ: September 28, 2026, 9:26 pm
গোপালগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মহাবিশ্বের রহস্য নিয়ে বিজ্ঞান সংলাপ
গোপালগঞ্জ প্রতিনিধি
মহাবিশ্বের উৎপত্তি, বিশালতা ও বিবর্তন সম্পর্কে জানতে গোপালগঞ্জে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞানবিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ‘কসমোলজি: মহাবিশ্বের অনন্ত যাত্রা’ শীর্ষক এ আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তা, যুক্তিবোধ ও অনুসন্ধিৎসা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) গোপালগঞ্জ পৌর মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান।
সংলাপে মহাবিশ্বের উৎপত্তি, এর বিশালতা ও বিবর্তন, মহাকাশবিজ্ঞান, বৈজ্ঞানিক আবিষ্কারের ক্রমবিকাশ এবং আধুনিক প্রযুক্তির অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে কৌতূহল থেকে প্রশ্ন করে। আলোচকেরা তাদের প্রশ্নের উত্তর দেন এবং বিজ্ঞানমনস্ক হয়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান শিক্ষার্থীদের প্রশ্ন করতে, নতুন বিষয় জানতে এবং যুক্তি দিয়ে চিন্তা করতে উৎসাহিত করেন। তিনি বলেন, বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি জ্ঞানচর্চা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হয়ে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার জন্যও তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তা ও অনুসন্ধিৎসা বাড়াতে ধারাবাহিক বিজ্ঞানবিষয়ক সংলাপের অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে।
আয়োজকেরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলবে। পাশাপাশি তাদের যুক্তিবোধ, সৃজনশীলতা ও জ্ঞানচর্চার পরিধি বাড়াতে সহায়ক হবে। বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।