আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 29, 2026, 8:12 pm || প্রকাশের তারিখ: September 29, 2026, 6:34 pm
ঠাকুরগাঁওয়ে ৪৯৭ গ্রাম ইয়াবাসহ যাত্রী গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে ৪৯৭ গ্রাম ইয়াবাসহ যাত্রী গ্রেপ্তার

ট্রলি ব্যাগের বিশেষ চেম্বারে লুকানো ছিল ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা, মূল্য প্রায় ২৪ লাখ ৮৫ হাজার টাকা

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ননী গোপাল বিশ্বাস (৩৫) নামে এক যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ৪৯৭ গ্রাম। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ২৪ লাখ ৮৫ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় হানিফ ফিলিং স্টেশনের পূর্ব পাশে রংপুর-ঠাকুরগাঁও মহাসড়কে স্থাপিত অস্থায়ী চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. হারুন আর রশিদের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।
এরই ধারাবাহিকতায় ঢাকা থেকে রানীশংকৈলগামী আলম এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ‘এ-৪’ নম্বর সিটে বসা ননী গোপাল বিশ্বাসকে সন্দেহ হলে তার দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে বাসের নিচের লকারে রাখা তার টার্কিশ ব্লু রঙের ‘Jeep’ ব্র্যান্ডের একটি ট্রলি ব্যাগে বিশেষ চেম্বারের সন্ধান পান কর্মকর্তারা। পরে ওই চেম্বার থেকে একটি স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেটে রাখা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে কমলা রঙের ৪ হাজার ৯২০ পিস এবং সবুজ রঙের ৫০ পিস রয়েছে। সব মিলিয়ে মোট ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার ওজন ৪৯৭ গ্রাম।
এ ঘটনায় ননী গোপাল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে বাসের টিকিট, টোকেনের অংশ, পোশাকসহ ইয়াবা বহনে ব্যবহৃত ট্রলি ব্যাগটি জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা থেকে রাসায়নিক পরীক্ষার জন্য দুই পিস নমুনা সংগ্রহ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন আর রশিদ বাদী হয়ে ননী গোপাল বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় মামলা করার জন্য ঠাকুরগাঁও সদর থানায় এজাহার দাখিল করেছেন। এজাহারে মামলাটির তদন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর করবে বলে উল্লেখ করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ননী গোপাল বিশ্বাস দিনাজপুর পৌরসভার মিশন রোড এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নের বাগেরহাট (মন্দিরপাড়া) এলাকায় বসবাস করছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ৮৫ হাজার টাকা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম