প্রিন্ট এর তারিখ: October 2, 2026, 2:21 am || প্রকাশের তারিখ: October 1, 2026, 9:40 pm
দুর্গাপূজার আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙামাটিতে পুলিশ-পূজা কমিটির মতবিনিময়
রাঙামাটি প্রতিনিধি |
শারদীয় দুর্গাপূজা ২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে রাঙামাটিতে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং পূজা চলাকালীন বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ পূজামণ্ডপ ও সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করেন।
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, যেকোনো অপ্রীতিকর ঘটনা ও গুজব প্রতিরোধে পূজা উদযাপন কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সকলের সম্মিলিত সহযোগিতায় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা পুলিশের নেওয়া নিরাপত্তামূলক উদ্যোগকে স্বাগত জানান। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তারেক সেকান্দার, ডিআই-১ এস এম মোসাদ্দেকুল মওলা, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ এইচ. এম. মাহমুদ, টিআই (প্রশাসন) সাইফুর রহমানসহ রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।