রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ
রুহিয়া (ঠাকুরগাঁও)
প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) কৃষকদের মাঝে 'কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ ২০২৬' কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কৃষিসেবা ও সরকারি সহায়তা আরও সহজ, স্বচ্ছ এবং দ্রুততার সঙ্গে কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে রুহিয়া উপজেলায়ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রুহিয়া সালেহিয়া দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার ১,১৪৯ জন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে জনপ্রতি ২,৫০০ টাকা করে কৃষি উপকরণ সহায়তা সরাসরি পাঠানো হয়। কোনো প্রকার মধ্যস্বত্বভোগী ছাড়াই এই সরকারি সহায়তা সরাসরি কৃষকের নিজ অ্যাকাউন্টে পৌঁছানোয় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে 'কৃষক কার্ড' তুলে দেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন রুহিয়া উপজেলা পরিষদ প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— রুহিয়া থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠাকুরগাঁও জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ শামীমা নাজনীন, ঠাকুরগাঁও সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ নিহার রঞ্জন রায়, ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সঙ্গী সরকার শান্তা, স্থানীয় কৃষক নুর ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মানিক, সহ-সভাপতি ও সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু, ৪নং ঢোলার হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায় এবং ৬নং সেনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতি। এছাড়াও অনুষ্ঠানে রুহিয়া উপজেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিপুলসংখ্যক কৃষক-কৃষানি উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম