
সাংবাদিক আসাদ সবুজকে হাতকড়া ও দড়িতে বেঁধে আদালতে আনায় তীব্র ক্ষোভ, পুলিশের অমানবিক আচরণে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক |
বরগুনায় কালবেলা পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ আসাদুল হক সবুজকে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতারের পর, তাকে দুই হাত পেছনে মোড়া করে দড়ি ও হাতকড়া পরিয়ে আদালতে নিয়ে আসার ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। সাধারণ সাংবাদিক সমাজের পক্ষ থেকে পুলিশের এই চরম অমানবিক কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
সহকর্মীদের মতে, একজন পেশাদার সাংবাদিকের সঙ্গে পুলিশের এ ধরনের আচরণ চরম অমানবিক এবং মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। তারা বলছেন, এটি পুলিশের নিজস্ব প্রবিধানের (পিআরবি) সুনির্দিষ্ট নির্দেশনারও পরিপন্থী। ছবিতে সাংবাদিক সবুজকে যেভাবে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে, তা একজন নাগরিকের মর্যাদা ক্ষুণ্ন করে এবং আইনের শাসন ও মানবিক মূল্যবোধের জন্য হুমকিস্বরূপ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাংবাদিক সবুজের বিরুদ্ধে দায়ের করা মামলায় কোনোপ্রকার প্রাথমিক যাচাই-বাছাই ও তদন্ত ছাড়াই তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এই তাড়াহুড়ো করে গ্রেফতার এবং গ্রেপ্তারের পর এমন মর্যাদাহানিকর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সাংবাদিক সমাজ। তারা অভিযোগ করেছেন, এই আচরণ সাংবাদিকদের কণ্ঠরোধ করার এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টির একটি অপপ্রয়াস।
সামাজিক যোগাযোগমাধ্যমেও এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। সাংবাদিক নেতারা বলছেন, পুলিশ যদি কোনো অপরাধের অভিযোগ পায়, তবে আইন অনুযায়ী তদন্ত করতে পারে। কিন্তু কাউকে এভাবে দড়ি ও হাতকড়া পরিয়ে অপদস্থ করার অধিকার পুলিশের নেই। এটি শুধুমাত্র ওই সাংবাদিকের জন্যই নয়, গোটা সাংবাদিক সমাজের জন্যই অপমানজনক।
এ বিষয়ে স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে। একইসঙ্গে, যে পুলিশ সদস্যরা এই অমানবিক আচরণের জন্য দায়ী, তাদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে এবং সাংবাদিকদের মর্যাদা রক্ষায় তারা সব ধরনের আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এই ঘটনা সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তার ওপর একটি বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। সারাদেশের সাংবাদিক সমাজ এই অমানবিক ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক প্রতিকার কামনা করছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম