প্রিন্ট এর তারিখ: October 3, 2026, 2:22 pm || প্রকাশের তারিখ: October 3, 2026, 12:52 pm
আশুলিয়ায় হানিট্যাপ চক্রের হানা: দ্বিতীয় বিয়ে করে প্রবাসীর লাখ লাখ টাকা ও গয়না নিয়ে চম্পট
আশুলিয়ায় হানিট্যাপ চক্রের হানা: দ্বিতীয় বিয়ে করে প্রবাসীর লাখ লাখ টাকা ও গয়না নিয়ে চম্পট
মোস্তাবিন সিয়াম বিশেষ প্রতিনিধি:
ঢাকার আশুলিয়ায় একটি সুসংগঠিত ‘হানিট্যাপ’ বা বিয়ের ফাঁদ পেতে অর্থ আদায়কারী চক্রের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছেন মো. সাইদুর রহমান নামের এক প্রবাসী ব্যক্তি। স্ত্রী বিয়োগের পর গত চার মাস আগে ইসলামী শরীয়ত মেনে মিনারা বেগমকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু বিয়ের মাত্র কয়েক মাসের মাথায় পরিবারের সর্বস্ব লুটে নিয়ে উধাও হয়ে গেছেন ওই নারী।
অভিযোগে বলা হয়, গত ২৬ মে সকালে ও বিকেলে সুযোগ বুঝে ঘরে থাকা নগদ ৩ লাখ টাকা এবং আনুমানিক ৬ লাখ ৯২ হাজার টাকা মূল্যের প্রায় ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান মিনারা। প্রতারণার এই ঘটনায় অভিযুক্ত নারীসহ তার দুই সহযোগী মোশারফ হোসেন মন্জু ও মোতালেব মিয়ার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
সাইদুরের পরিবারের অভিযোগ, চক্রটি সুপরিকল্পিতভাবে বিয়ের নাটক সাজিয়ে এই প্রতারণা চালিয়েছে। ঘটনাটির সত্যতা নিশ্চিত করে স্থানীয় প্রতিবেশীরাও ক্ষোভ প্রকাশ করেছেন। বর্তমানে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।