প্রিন্ট এর তারিখ: October 3, 2026, 3:47 pm || প্রকাশের তারিখ: October 3, 2026, 2:15 pm
বুয়েট প্রকৌশলী হওয়ার স্বপ্নে বিভোর নীলফামারীর নিরব রায়
নীলফামারী প্রতিনিধি
অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। পরিবারের চরম আর্থিক সংকটের মধ্যেও নিজের মেধা ও অধ্যবসায়ের স্বাক্ষর রেখেছে নীলফামারীর অদম্য মেধাবী ছাত্র নিরব রায়। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে সে। ভবিষ্যতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়াশোনা করে একজন সফল প্রকৌশলী হয়ে দেশের সেবা করার স্বপ্ন তার। তবে আর্থিক সংকটই এখন সেই স্বপ্ন পূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
নিরব রায়ের বাড়ি নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের ডাঙ্গাপাড়া (বাদিয়ারমোড়-সংলগ্ন) এলাকায়। সে নীলফামারী ক্যাডেট একাডেমি থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে।
নিরবের বাবা পরিমল রায় পেশায় একজন সাধারণ ডেলিভারিম্যান। মাসে প্রায় ১২ হাজার টাকা আয় করেন তিনি। এই সামান্য আয় দিয়ে চার সদস্যের পরিবারের দৈনন্দিন খরচ চালাতেই হিমশিম খেতে হয়। এর মধ্যে ছেলের উচ্চশিক্ষার ব্যয় বহন করা তার জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
নিরবের বাবা পরিমল রায় দৈনিক ভোরের বাণীকে বলেন, “ছেলেটা দিনে-রাতে পরিশ্রম করে পড়াশোনা করেছে। পরীক্ষার ফল ভালো হওয়ায় আমাদের বুকটা গর্বে ভরে গেছে। কিন্তু আমার যা আয়, তা দিয়ে সংসার চালিয়ে ওর কলেজের পড়াশোনার খরচ চালানোই অসম্ভব হয়ে পড়েছে। ও বুয়েটে পড়তে চায়। কিন্তু একজন ডেলিভারিম্যানের পক্ষে ছেলের সেই বড় স্বপ্ন কীভাবে পূরণ করব, তা ভেবেই দিশেহারা হয়ে পড়েছি।”
নিরব রায় বলে, “প্রতিটি কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আমি মন দিয়ে পড়াশোনা করার চেষ্টা করেছি। শিক্ষক ও পরিবারের সহযোগিতায় আজ এই ফল পেয়েছি। আমার ইচ্ছা ভবিষ্যতে বুয়েট থেকে প্রকৌশলী হয়ে দেশের সেবা করা এবং পরিবারের অভাব দূর করা।”
স্থানীয়রা জানান, নিরব অত্যন্ত নম্র, ভদ্র ও পরিশ্রমী ছেলে। পরিবারের অভাব-অনটনের মধ্যেও পড়াশোনার প্রতি তার ভালোবাসা ও নিষ্ঠা গ্রামবাসীকে মুগ্ধ করেছে। এসএসসিতে জিপিএ-৫ অর্জনের মাধ্যমে সে নিজের মেধার প্রমাণও দিয়েছে।
তবে স্থানীয়দের আশঙ্কা, সরকারি সহায়তা কিংবা কোনো হৃদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতা না পেলে মেধাবী এই শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ বাধাগ্রস্ত হতে পারে। বিশেষ করে বুয়েটে পড়াশোনার স্বপ্ন পূরণে এখন প্রয়োজন আর্থিক সহযোগিতা।
নিরবের পড়াশোনার খরচ বহনে সহযোগিতার জন্য পরিবারের পক্ষ থেকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিত্তবান ব্যক্তি ও সমাজের হৃদয়বান মানুষের প্রতি সহায়তার আহ্বান জানানো হয়েছে। আর্থিক সহায়তা দিতে ০১৩৫৬২৮৭৯০০ নম্বরে বিকাশ ও নগদের মাধ্যমে অনুদান পাঠানো যাবে।