প্রিন্ট এর তারিখ: October 4, 2026, 6:28 pm || প্রকাশের তারিখ: October 4, 2026, 4:55 pm
জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডির প্রথম আসরের চ্যাম্পিয়ন জুরাছড়ি
রাঙামাটি প্রতিনিধি |
রাঙামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে কাউখালী উপজেলা একাদশকে ৩১-২৪ পয়েন্টে পরাজিত করে প্রথম আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জুরাছড়ি উপজেলা একাদশ।
রোববার (৪ অক্টোবর) সকালে রাঙামাটি জেলার কুমার সমিত রায় জিমনেসিয়াম হলরুমে টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী, সাবেক শিক্ষা কর্মকর্তা অঞ্জলিকা খীসাসহ সংশ্লিষ্টরা।
প্রধান অতিথির বক্তব্যে দীপন তালুকদার দীপু বলেন, পাহাড়ের নারীদের খেলাধুলায় এগিয়ে নিতে এ আয়োজন নতুন একটি দিগন্তের উন্মোচন করেছে। সঠিক চর্চা ও সুযোগ পেলে রাঙামাটির মেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনেও দেশের মুখ উজ্জ্বল করতে পারবে। ক্রীড়াঙ্গনের এ ধারাবাহিকতা বজায় রাখতে জেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, প্রমীলা কাবাডি টুর্নামেন্ট কেবল একটি প্রতিযোগিতা নয়; এটি পাহাড়ি-বাঙালি মেয়েদের আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হবে।
টুর্নামেন্টে রাঙামাটি জেলার ১০টি উপজেলা থেকে ১০টি প্রমীলা কাবাডি দল অংশ নেয়। প্রতিযোগিতার ফাইনালে জুরাছড়ি উপজেলা একাদশ ও কাউখালী উপজেলা একাদশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। খেলায় ৩১-২৪ পয়েন্টে জয় পেয়ে শিরোপা নিশ্চিত করে জুরাছড়ি উপজেলা একাদশ।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।