আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 4, 2026, 10:36 pm || প্রকাশের তারিখ: October 4, 2026, 8:15 pm
শাহজাদপুরে দীর্ঘদিন আত্মগোপনে থাকা ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার
শাহজাদপুরে দীর্ঘদিন আত্মগোপনে থাকা ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার

শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে ছাত্রলীগের পক্ষে প্রথম মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাবেক পরিবেশবিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম নাঈম স্বাধীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) রাতে শাহজাদপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে পৌর শহরের দ্বারিয়াপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রিয়াজুল ইসলাম নাঈম স্বাধীন দ্বারিয়াপুর গ্রামের শরিফুল ইসলাম সাইদুলের ছেলে। তিনি শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক পরিবেশবিষয়ক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা রিয়াজুল ইসলাম নাঈম ও তার সহযোগীদের ওপর নজরদারি চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের দাবি, তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা এবং সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে রিয়াজুল ইসলাম নাঈমের বাড়িতে অভিযান চালায় শাহজাদপুর থানা পুলিশ। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রলীগের পক্ষে প্রথম মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে রিয়াজুল ইসলাম নাঈমের বিরুদ্ধে। এছাড়া তিনি বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ দুটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

ওসি আরও জানান, গ্রেপ্তারের পর রোববার (৪ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম