প্রিন্ট এর তারিখ: October 5, 2026, 5:54 pm || প্রকাশের তারিখ: October 5, 2026, 4:07 pm
কুমিল্লা সদর দক্ষিণে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে মধ্যরাতে প্রশাসনের অভিযান, ডাম্প ট্রাক ও এক্সক্যাভেটর জব্দ*
কুমিল্লা সদর দক্ষিণে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে মধ্যরাতে প্রশাসনের অভিযান, ডাম্প ট্রাক ও এক্সক্যাভেটর জব্দ*
বিশেষ প্রতিনিধি
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে মধ্যরাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
গত ২৭-০৯-২০২৬ খ্রি. দিবাগত রাত ১২:০০ টা থেকে ০১:০০ টা পর্যন্ত উপজেলার চৌয়ারা ইউনিয়নের পাগলী খাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কৃষিজমির মাটি কেটে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের প্রতি হুমকি সৃষ্টি করায় মাটি কাটায় নিয়োজিত একটি ডাম্প ট্রাক ও একটি এক্সক্যাভেটর জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব সুজন চন্দ্র রায় মহোদয়ের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরুল আখতার নিলয়, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার একটি টিম ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধ মাটি কাটার সাথে জড়িত এসব মাটি দস্যুদের দৌরাত্ম্যে একদিকে ঊর্বর জমি বিলীন হচ্ছে, অন্যদিকে পার্শ্ববর্তী জমি ভাঙনের আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে হুমকির মুখে পড়েছে এলাকার জীববৈচিত্র্য, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশের ভারসাম্যও।
মাটি দস্যুদের দৌরাত্ম্যে কুমিল্লা সদর দক্ষিণে আশঙ্কাজনক হারে ঊর্বরতা হারাচ্ছে ফসলি জমি। এ দস্যুরা রাতের আঁধারে সাবাড় করে দিচ্ছে ফসলি জমির ওপরের অতি গুরুত্বপূর্ণ পুষ্টি সমৃদ্ধ মাটি (টপ সয়েল) এবং নদীর পাড়ের মাটি ও বালু। মাটি ব্যবসায়ীদের লুট থেকে বাদ যাচ্ছে না মালিকানা জমি, খাসজমি, খাল ও নদীর পাড়।
গভীর গর্ত করে মাটি কেটে নেওয়ায় কৃষিজমি জলাশয়ে পরিণত হয়েছে। এসব জমিতে আগে বোরো ধান ও মৌসুমী ফসলের চাষ হতো। গভীর গর্ত করে মাটি কাটায় ওই সব জমিতে দিন দিন কমে যাচ্ছে ফসল উৎপাদন। ফলে পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব সুজন চন্দ্র রায় বলেন, অবৈধ মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।