ঘিওরে ২৭০টি পেঁপে গাছ হত্যা, দিশেহারা কৃষক জহুরুল
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে এক কৃষকের বাগানের ২৭০টি পেঁপে গাছ কেটে ও ছিঁড়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা। রাতের আঁধারে এমন ঘটনায় দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা বাগান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক সাদেক মিয়া।
রোববার (৪ অক্টোবর) রাতে ঘিওর উপজেলা সদরের পশু হাসপাতালের পেছনে ধলেশ্বরী নদীর উত্তরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
কৃষক সাদেক মিয়া জানান, ৩০ শতাংশ জমিতে তার প্রায় ২৭০টি পেঁপে গাছ ছিল। সোমবার সকালে বাগানে গিয়ে তিনি দেখেন, কাস্তে দিয়ে গাছের পেঁপে কেটে এবং হাত দিয়ে ছিঁড়ে মাটিতে ফেলে রাখা হয়েছে। বাগানের বিভিন্ন স্থানে প্রায় ৪০ মণ কাঁচা পেঁপে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
এ ছাড়া বীজ সংরক্ষণের জন্য রাখা পাকা পেঁপের মধ্য থেকেও ৪০টি নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি। এতে তার আনুমানিক ১৫ থেকে ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান সাদেক।
তিনি বলেন, দীর্ঘদিনের শ্রম ও অর্থ ব্যয়ে গড়ে তোলা বাগানটি এক রাতেই নষ্ট হয়ে গেছে। ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এদিকে ছেলের বাগান নষ্ট হওয়ার খবর শুনে কান্নায় ভেঙে পড়েছেন সাদেক মিয়ার মা অজিফা খাতুন। তিনিও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
ঘটনার খবর পেয়ে উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তারা বাগানটি পরিদর্শন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা খাতুন অসুস্থ থাকায় সরাসরি কথা বলা সম্ভব হয়নি। তবে মুঠোফোনে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় সরকারি বরাদ্দ থেকে চাল, ডাল, আটা ও লবণ ক্ষতিগ্রস্ত কৃষকের মায়ের হাতে তুলে দেওয়া হয়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুহব্বত কবীর বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। একটি গাছ বেড়ে উঠতে যেমন সময় ও শ্রম লাগে, তেমনি ফলনশীল গাছ নষ্ট করা একজন কৃষকের দীর্ঘদিনের পরিশ্রমকেও এক মুহূর্তে ধ্বংস করে দেয়।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম