প্রিন্ট এর তারিখ: October 5, 2026, 11:29 pm || প্রকাশের তারিখ: October 5, 2026, 9:53 pm
কুমিল্লা দাউদকান্দিতে ৪৬ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়
(কুমিল্লা) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে উপজেলার ৪৬টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।
সোমবার (৫অক্টোবর) দাউদকান্দি মডেল থানায় আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা অংশ নেন। সভায় দুর্গাপূজা ঘিরে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মতবিনিময়কালে পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় পূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও পূজা উদ্যাপন কমিটির মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় দাউদকান্দি মডেল থানার পুলিশ কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করবে।