ঝালকাঠিতে ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাসে অর্থ আত্মসাতের অভিযোগ পুবালী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে
প্রতিনিধি ঝালকাঠি
ঝালকাঠির কাঠালিয়ায় ব্যাংক ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে গ্রাহকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে পুবালী ব্যাংক কাঠালিয়া উপ-শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে। তবে অভিযুক্ত ব্যবস্থাপক এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।
উপজেলার আমরিবুনিয়া গ্রামের লতিফ হাওলাদারের ছেলে কালাম হাওলাদার বাড়ি নির্মাণের জন্য পুবালী ব্যাংক কাঠালিয়া উপ-শাখায় ১৫ লাখ টাকার ঋণের আবেদন করেন। তার অভিযোগ, ঋণ পাইয়ে দেওয়ার নাম করে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বিভিন্ন সময় লোক মারফত তার কাছ থেকে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা নেন। প্রায় দুই বছর ধরে নানা অজুহাতে ঋণের বিষয়টি ঝুলিয়ে রাখা হয়। এমনকি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য মাছ কিনে দেওয়ার কথা বলেও টাকা আদায় করা হয়। পরবর্তীতে চলতি বছরের অক্টোবরের শুরুতে ঋণ পাওয়ার কথা বলা হলেও সেপ্টেম্বরের শেষদিকে জানানো হয়, তার ঋণটি অনুমোদন হয়নি। এ ঘটনায় আর্থিক ক্ষতির প্রতিকার চেয়ে এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
অভিযোগের বিষয়ে পুবালী ব্যাংক কাঠালিয়া উপ-শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, "আমি কোনো টাকা নিইনি। প্ল্যান ও অন্যান্য কাজের খরচ তিনি নিজেই দিয়েছেন। মূলত ছেলের বিদেশ থেকে টাকা পাঠানোর লেনদেনে অনিয়মিত হওয়ার কারণে লোনটি পাস হয়নি।"
এ বিষয়ে পুবালী ব্যাংকের বরিশাল অঞ্চলের ডিজিএম মুহাম্মদ মোশাহিদ উল্লাহ জানান, "ঋণের বিষয়ে ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারীর টাকা নেওয়ার সুযোগ নেই। কেউ নিয়ে থাকলে এবং সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম