প্রিন্ট এর তারিখ: October 7, 2026, 1:04 am || প্রকাশের তারিখ: October 6, 2026, 10:54 pm
পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার পলাতক আসামি নাইমুজ্জামান গ্রেপ্তার
তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তা (৫১)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে পঞ্চগড় সদর থানাধীন কাজীপাড়া এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন ও বিশ্বস্ত সূত্রের মাধ্যমে ডিবি পুলিশ জানতে পারে, আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নাইমুজ্জামান ভূইয়া পঞ্চগড় এলাকায় অবস্থান করছেন। পরে পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া থানার সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক দল গঠন করা হয়।
এরপর কুইক রেসপন্স টিমের (কিউআরটি) সহায়তায় জেলার বিভিন্ন এলাকায় সমন্বিতভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে মঙ্গলবার সকালে কাজীপাড়া এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তা (৫১) পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার মৃত আব্দুল খালেক ভূইয়ার ছেলে। তিনি বর্তমানে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ আরও জানায়, নাইমুজ্জামান ভূইয়া পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় মামলা রয়েছে। মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।