আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 7, 2026, 8:10 pm || প্রকাশের তারিখ: October 7, 2026, 6:54 pm
কেপিএম সিবিএ নির্বাচনে টানা পঞ্চমবার চাকা প্রতীকের জয়: ১০১ ভোট পেয়ে শ্রমিক-কর্মচারী পরিষদ বিজয়ী
কেপিএম সিবিএ নির্বাচনে টানা পঞ্চমবার চাকা প্রতীকের জয়: ১০১ ভোট পেয়ে শ্রমিক-কর্মচারী পরিষদ বিজয়ীআ

(রাঙামাটি) প্রতিনিধি

 

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের (কেপিএম) সিবিএ নির্বাচনে ‘চাকা’ প্রতীক নিয়ে কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদ টানা পঞ্চমবারের মতো বিজয়ী হয়েছে। বুধবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে সংগঠনটি ১০১ ভোট পেয়েছে।
কেপিএমের শ্রমিক-কর্মচারী চিত্তবিনোদন ক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদের ‘চাকা’ প্রতীকের প্রতিদ্বন্দ্বী ছিল কেপিএম লিমিটেড ওয়ার্কার্স ইউনিয়নের ‘ছাতা’ প্রতীক। ‘ছাতা’ প্রতীক পেয়েছে ১০ ভোট।
নির্বাচনে কেপিএমের মোট ভোটার ছিলেন ১১৭ জন। এর মধ্যে ১১৬টি ব্যালট ইস্যু করা হয়। ভোট গণনা শেষে ১১১টি ভোট বৈধ এবং পাঁচটি ব্যালট বাতিল বা নষ্ট হিসেবে গণ্য হয়।
নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভাগীয় শ্রম দপ্তর, আগ্রাবাদ, চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সাব্বির ভূঁইয়া। ভোটগ্রহণ ও গণনা শেষে তিনি ফলাফল ঘোষণা করেন।
ফলাফল ঘোষণার পর ‘চাকা’ প্রতীকের সমর্থক শ্রমিক-কর্মচারীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিজয়ী সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।
তারা বলেন, শ্রমিক-কর্মচারীরা তাঁদের ওপর যে দায়িত্ব ও আস্থা অর্পণ করেছেন, তা যথাযথভাবে পালনের চেষ্টা করা হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার, কল্যাণ ও কর্মপরিবেশের উন্নয়নের পাশাপাশি কেপিএমের স্বার্থ সংরক্ষণ এবং প্রতিষ্ঠানের উৎপাদন ও অগ্রগতিতে শ্রমিক-কর্মচারীদের সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
নির্বাচন চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ, মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল মাহমুদ, উপপ্রধান রসায়নবিদ শামীম আহমেদ ও কেপিএম কর্মকর্তা আসিফ মাইনুদ্দিন।
এ সময় কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহদুল হাসান রুবেল, কাপ্তাই উপজেলা ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেনসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম