গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলী খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতরাত ১টা ১২ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদপিন্ডের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সমগ্র গোপালগঞ্জ জেলায় গভীর শোকের ছায়া নেমে আসে।
আজ ১১ সেপ্টেম্বর রবিবার জোহরের নামাজের পর গোপালগঞ্জ কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে তাঁর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। শেষবারের মতো এই জ্যেষ্ঠ নেতাকে শ্রদ্ধা জানাতে এবং জানাজায় অংশ নিতে হাজার হাজার শোকাহত মানুষের ঢল নামে। রাজনৈতিক পরিচয় ভুলে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ জানাজায় শরিক হন।
জানাজায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান, বিএনপি নেতা সোহেল কমিশনার এবং গোপালগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি চৌধুরী মনজুরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তন ও সাম্প্রতিক পরিস্থিতির কারণে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অধিকাংশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা থাকায় এবং গ্রেফতার আতঙ্কে অনেকেই সশরীরে জানাজায় শরিক হতে পারেননি। তবে তারা দূর থেকেই প্রবীণ এই নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
মাহবুব আলী খানের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, পৌর আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন। শোকবার্তায় নেতৃবৃন্দ তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জানাজা শেষে গোপালগঞ্জ গেটপাড়াস্থ পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম