প্রিন্ট এর তারিখ: October 15, 2026, 3:29 pm || প্রকাশের তারিখ: October 15, 2026, 1:48 pm
ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহেব্বি বলেছেন, ৪০ দিনের যুদ্ধের পর ইরান আরও উন্নত অস্ত্র অর্জন করেছে।
বুধবার এক বক্তব্যে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা যুক্তরাষ্ট্রের জন্য অযৌক্তিক হলেও এ সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। কারণ, মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের একটি সাফল্য প্রয়োজন।
মুখপাত্র আরও বলেন, ইরান যেকোনো নতুন আগ্রাসনের জবাব আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালীভাবে দিতে প্রস্তুত। এবার এর পরিণতি যুক্তরাষ্ট্রের জন্য আরও বেদনাদায়ক হবে।
তিনি বলেন, ৪০ দিনের যুদ্ধের সময় ইরান মূলত পুরোনো প্রজন্মের অস্ত্রের ওপর নির্ভর করেছিল। তবে যুদ্ধের পর থেকে দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
আইআরজিসির জনসংযোগবিষয়ক উপপ্রধান আরও বলেন, বিদেশে পরিচালিত যুদ্ধগুলোর বাস্তবতা সম্পর্কে মার্কিন জনমতকে অন্ধকারে রাখা হয়।
তার অভিযোগ, মূলধারার গণমাধ্যম এ ধরনের আগ্রাসনের বাস্তবতা সক্রিয়ভাবে আড়াল করে। ইরানের নেতাদের মধ্যে মতবিরোধ ও সহযোগিতার অভাব রয়েছে বলে মার্কিন কর্মকর্তারা যে দাবি করছেন, তা সম্পূর্ণ মিথ্যা। তার মতে, যুদ্ধে ওয়াশিংটনের ব্যর্থতা আড়াল করতেই এসব বক্তব্য দেওয়া হচ্ছে।