আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 31, 2026, 2:59 pm || প্রকাশের তারিখ: October 31, 2026, 1:14 pm
পাবনায় সোনাপাতি বিলে বজ্রপাতে নিহত ৬ শিশু-কিশোরের দাফন সম্পন্ন
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে নিহত ৬ শিশু ও কিশোরের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় মালঞ্চি ইউনিয়নের বাসুদেবপুর গোরস্থান মাঠে নিহতদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়।

নিহতরা হলেন, মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা এলাকায় রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাজাহান প্রামানিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪) নিহত ছয়জন পরস্পরের আত্মীয়।

এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলে বিভিন্ন এলাকা থেকে আসা শৌখিন মৎস্য শিকারিরা বড়শি দিয়ে মাছ শিকার করতে যান। বিকেলে বৃষ্টি শুরু হলে আটজন বিলের একটি টংঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হন।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা জানান, সরকারের পক্ষ থেকে বজ্রপাতে নিহত ও আহতদের আর্থিক সহায়তা নীতিমালার আওতায় নিহতদের প্রত্যেক পরিবারের জন্য ৫০ হাজার টাকা এবং আহতদের প্রত্যেক পরিবারের জন্য ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম