আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 31, 2026, 3:26 pm || প্রকাশের তারিখ: October 31, 2026, 1:50 pm
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন, ফলাফলে এগিয়ে মেয়েরা
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন, ফলাফলে এগিয়ে মেয়েরা

কুমিল্লা প্রতিনিধি।।

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ০৪ শতাংশ। এ বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম।
বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৩৬ হাজার ৭২৮ জন ছেলে এবং ৫৫ হাজার ৪৩৪ জন মেয়ে। প্রকাশিত ফলাফলে মোট ৪৪ হাজার ৭২৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
এর মধ্যে মেয়েদের পাসের সংখ্যা ২৮ হাজার ৪১৫ জন। অপরদিকে ছেলেদের মধ্যে পাস করেছে ১৫ হাজার ৮৫৭ জন। ফলে পাসের হার ও মোট উত্তীর্ণের সংখ্যায় মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে।
এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে মোট ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে ৮২১ জন মেয়ে এবং ৪৮২ জন ছেলে শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তিতেও মেয়েদের উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ফলাফলে মেয়েদের এই সাফল্য তাদের একাডেমিক সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখারই প্রতিফলন। মেয়েদের ধারাবাহিক সাফল্য আমাদের জন্য গর্বের বিষয়। তাদের পরিশ্রম ও অধ্যবসায়ের পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য এসেছে।
এদিকে এবারের এইচএসসি পরীক্ষার ফলে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিভুক্ত চারটি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। অন্যদিকে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
ফলাফল প্রকাশের সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান কার্যালয়ে বোর্ড সচিবসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম