প্রিন্ট এর তারিখ: November 4, 2026, 2:07 pm || প্রকাশের তারিখ: November 4, 2026, 11:48 am
চার মাসেই বাজিমাত ওসি সাজেদুলের, দাউদকান্দিতে ১.৮৪ লাখ ইয়াবা উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি।।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান, অপরাধীদের দমনে ধারাবাহিক অভিযান এবং অস্ত্র উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম যোগদানের পর মাত্র চার মাসে উদ্ধার হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৪৩৩ পিস ইয়াবা, ১ হাজার ৮৩ কেজি গাঁজা, তিনটি বিদেশি পিস্তলসহ চারটি আগ্নেয়াস্ত্র ও গুলি।
গত ৫ জুলাই ২০২৬ দাউদকান্দি মডেল থানায় যোগদান করেন ওসি সাজেদুল ইসলাম। এরপর কুমিল্লার পুলিশ সুপারের দিকনির্দেশনায় মাদক ও অপরাধবিরোধী অভিযান জোরদার করে থানা পুলিশ। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি ৩৬ বোতল মদ এবং ৩ হাজার ৪৫০ বোতল স্কাফ ও ফেয়ারড্রিল সিরাপ উদ্ধার করা হয়।
চার মাসের এই অভিযানে ইয়াবা ও গাঁজার বিপুল চালান উদ্ধারের ঘটনা দাউদকান্দি এলাকায় মাদকবিরোধী পুলিশি তৎপরতার চিত্র তুলে ধরেছে। বিশেষ করে মহাসড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মাদক পাচার প্রতিরোধে পুলিশের তৎপরতা অপরাধীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ওসি সাজেদুল ইসলাম জানান, পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের দিকনির্দেশনায় এবং থানা পুলিশের সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় এসব সাফল্য এসেছে। মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় জনগণসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশের এই ধারাবাহিক অভিযান দাউদকান্দিতে অপরাধ দমনে নতুন গতি সঞ্চার করেছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।