প্রিন্ট এর তারিখ: November 4, 2026, 2:10 pm || প্রকাশের তারিখ: November 4, 2026, 12:03 pm
১৭ বছরের নির্যাতনেও আপসহীন, শরীফকে চেয়ারম্যান দেখতে চান এলাকাবাসী
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা সদর উপজেলার ২ নম্বর উত্তর দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী নুর আহমেদ শরীফের পক্ষে সমর্থন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা। তাঁর বাড়িতে আয়োজিত এক মতবিনিময় সভায় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এ সমর্থন প্রকাশ করা হয়। সভায় তাঁকে আসন্ন নির্বাচনে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বিএনপির রাজনীতির প্রতি অবিচল আস্থা ও ভালোবাসার কারণে গত ১৭ বছরে নানা রাজনৈতিক হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন কাজী নুর আহমেদ শরীফ। তাঁদের দাবি, এ সময়ে তাঁকে পাঁচবার কারাবরণ করতে হয়েছে। পাশাপাশি তাঁর বাড়িতে চার থেকে পাঁচবার হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। এত প্রতিকূলতার মধ্যেও দলের প্রতি তাঁর আনুগত্যে কোনো পরিবর্তন আসেনি।
স্থানীয়দের ভাষ্য, অতীতে দুইবার চেয়ারম্যান পদে নির্বাচন করার উদ্যোগ নিয়েও নানা প্রতিবন্ধকতায় শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিতে পারেননি তিনি। এবার তাঁকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান এলাকার মানুষ। তাঁদের প্রত্যাশা, নির্বাচিত হলে অবহেলিত এলাকার উন্নয়ন, ভাঙাচোরা সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং মাদক, ইভটিজিং ও কিশোর অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবেন তিনি।
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী কাজী নুর আহমেদ শরীফ বলেন, ‘আমি আপনাদের সন্তান, আপনাদেরই মানুষ। গত ১৭ বছরে আমার ওপর কী ধরনের অত্যাচার ও নির্যাতন হয়েছে, তা আপনারা নিজেরাই দেখেছেন। বিএনপিকে ভালোবাসি বলেই শত নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও দল ছেড়ে কোথাও যাইনি। আওয়ামী লীগ আমলে নানা বাধা, বাড়িতে হামলা, লুটপাট ও মিথ্যা মামলার শিকার হয়ে আমাকে কারাবরণ করতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, আগামী দিনে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় মনোনয়ন পেলে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে চাই। আপনারা পাশে থাকলে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাব। নির্বাচিত হলে ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকব। অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।’
ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, গত দুই বছর ধরে বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ স্থবির হয়ে আছে। অনেক এলাকায় ড্রেনেজ ব্যবস্থা নেই, রাস্তাঘাটের অবস্থাও বেহাল। নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের বরাদ্দের প্রতিটি টাকা স্বচ্ছতার সঙ্গে জনকল্যাণ ও এলাকার উন্নয়নে ব্যয় করা হবে। কোনো অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করা হবে না। প্রয়োজনে নিজের উপার্জন থেকেও এলাকার উন্নয়ন ও অসহায় মানুষের সহযোগিতায় অর্থ ব্যয় করবেন।
সভায় উপস্থিত এলাকাবাসী কাজী নুর আহমেদ শরীফের প্রতি সমর্থন জানিয়ে আগামী দিনের নির্বাচনী প্রচার-প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার অঙ্গীকার করেন। তাঁরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর বিজয়ের আশাবাদও ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।