জাল দলিলে জমি দখলের অভিযোগ, আইনজীবীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার বাজারে জাল দলিলের মাধ্যমে জমি ও মার্কেট দখলের চেষ্টার অভিযোগ উঠেছে অ্যাডভোকেট নাজমুল হকের বিরুদ্ধে। স্থানীয় আওয়ামী লীগ নেতা দেবদাস রায় বাবুলের সঙ্গে যোগসাজশে এ চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
রোববার (৮ নভেম্বর) তুষভাণ্ডার বাজারের ক্যাপ্টেন মোড় সংলগ্ন নূর মোহাম্মদ মার্কেটে ‘ক্যাপ্টেন মোড় সচেতন নাগরিক সমাজ’ ও ভুক্তভোগী পরিবারের উদ্যোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নূর ইসলাম বিপুল অভিযোগ করেন, উত্তর ঘনেশ্যাম মৌজার ৪০ শতাংশ জমি (দাগ নং-৪৮৩৪) তাঁদের পৈতৃক সম্পত্তি। এ জমি নিয়ে কালীগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতে ১২৩/১৫ নম্বর মামলা হলে আদালত তাঁদের পক্ষে রায় ও ডিক্রি দেন বলে দাবি করেন তিনি।
ভুক্তভোগীদের অভিযোগ, আদালতের রায় থাকা সত্ত্বেও অ্যাডভোকেট নাজমুল হকের নেতৃত্বে একটি পক্ষ জমি দখলের চেষ্টা করছে। একই সঙ্গে মামলাধীন জমির ১১ শতাংশ (দাগ নং-৬৫৬৩ ও ৬৫৬৪) জালিয়াতির মাধ্যমে আইনজীবী ও তাঁর স্ত্রীর নামে রেকর্ড করিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।
এ ছাড়া মার্কেটের দোকানঘর দখল, ভাঙচুর ও অন্য পক্ষের কাছে ভাড়া দেওয়ার চেষ্টা এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে হুমকি-হয়রানির অভিযোগও করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, মামলা চলাকালে বিরোধপূর্ণ সম্পত্তির একটি অংশ আইনজীবী ও তাঁর স্ত্রীর নামে রেকর্ড হওয়ার বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে সংশ্লিষ্ট দলিল, খতিয়ান ও আদালতের নথি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
এ সময় প্রশাসনের কাছে ছয় দফা দাবি তুলে ধরেন ভুক্তভোগীরা। দ্রুত ব্যবস্থা না নিলে জেলা প্রশাসকের কার্যালয় ও আদালত চত্বরে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে অ্যাডভোকেট নাজমুল হকের বক্তব্য জানতে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া না দেওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম