প্রিন্ট এর তারিখ: November 8, 2026, 11:29 pm || প্রকাশের তারিখ: November 8, 2026, 11:06 pm
আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে অবৈধ দোকান উচ্ছেদ অভিযানের ২য় দফা, বিশেষ ভূমিকায় ইউএনও উমর ফারুক-
আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে অবৈধ দোকান উচ্ছেদ অভিযানের ২য় দফা, বিশেষ ভূমিকায় ইউএনও উমর ফারুক-
মো: মোস্তাবিন সিয়াম
বিশেষ প্রতিনিধি
কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের ২য় দফা পরিচালিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকাল ৪টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব উমর ফারুক।
এর এক সপ্তাহ আগেই আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে প্রথম দফায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব উমর ফারুক। দ্বিতীয় দফার এই অভিযানকে ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা এখন শীর্ষে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাতসহ জনসাধারণের চলাচলের জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল। ফলে ফুটপাত দিয়ে হাঁটাচলা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। সাধারণ পথচারীরা বাধ্য হয়ে গাড়ি চলাচলের রাস্তায় হাঁটাচলা করতেন এবং প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছিলেন।
উচ্ছেদ অভিযানের পর জনমনে স্বস্তি ফিরে এসেছে। সাধারণ মানুষ জানান, এখন তারা নির্বিঘ্নে হাঁটাচলা ও রাস্তা পারাপার করতে পারছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব উমর ফারুক বলেন, উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। এরপরও যদি কেউ আবার এসব স্থাপনা নির্মাণ করে, তাহলে তাদের বিরুদ্ধে মামলা এবং জরিমানার আওতায় আনা হবে।
সবজি এবং মাছ ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের জন্য আগেকার পুরোনো বাজার রয়েছে। সেখানে আপনাদের বসার ব্যবস্থা করা হবে। আপনারা সবাই সেখানে বসবেন এবং কোনো প্রকার অর্থ লেনদেন থেকে মুক্ত রাখা হবে। আপনারা আর কখনোই ফুটপাত দখল করে ব্যবসা করতে পারবেন না। আপনাদের সকলের ভালোর জন্যই বলছি।
উচ্ছেদ অভিযান চলাকালে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে হাজারো জনসাধারণের ঢল নামে। উৎসুক জনতার ভিড়ে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এ সময় সকল এলাকাবাসী ও সাধারণ জনগণ উপজেলা নির্বাহী অফিসার জনাব উমর ফারুকের প্রতি দোয়া ও আনন্দের বার্তা জানান।