আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 10, 2026, 11:42 am || প্রকাশের তারিখ: November 10, 2026, 11:15 am
ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কওমি মাদ্রাসার লাইব্রেরিতে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ৪৮ শিক্ষার্থী। তাদের সবাইকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছে। একজনকে রাখা হয়েছে ভেন্টিলেটর সাপোর্টে।

সোমবার (০৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে ফতুল্লার সাইনবোর্ডসংলগ্ন শান্তিধারা এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ৩টা ৪৩ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

জানা গেছে, রাতে মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় হঠাৎ দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই পুরো ভবনে ছড়িয়ে পড়ে ঘন ও বিষাক্ত ধোঁয়া। ঘুমন্ত অবস্থায় শিক্ষার্থীরা শ্বাসকষ্টসহ ইনহেলেশন বার্নে আক্রান্ত হন। পরে মাদ্রাসার শিক্ষক, স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীদের সহযোগিতায় তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (আরএস) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, এখন পর্যন্ত জরুরি বিভাগে ৪৮ শিক্ষার্থীকে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। একজনকে দেওয়া হচ্ছে লাইফ সাপোর্ট। অন্যদের জরুরি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার ফাইটার আহসান হাবীব ও কাচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার জানান, রাত ১টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় পৌনে দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তদন্ত শেষ হওয়ার পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম