প্রিন্ট এর তারিখ: November 10, 2026, 11:52 am || প্রকাশের তারিখ: November 10, 2026, 11:28 am
কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় বাসার সামনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাতে কুষ্টিয়া জেলা পুলিশের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে সোমবার দুপুর ১টা ১১ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পর ভবনের নিচে কলবেল বাজানোর সময় ওই ছাত্রীর ওপর হামলা চালায় এক কিশোর। এ ঘটনায় গুরুতর আহত ছাত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ছাত্রী কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার নির্বাচনি পরীক্ষা চলছিল। পরীক্ষা শেষে বাসায় ফিরে ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর কয়েক সেকেন্ডের মধ্যেই পেছন থেকে তার ওপর ছুরিকাঘাত শুরু করে অভিযুক্ত কিশোর। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে হাতেও আঘাত পান তিনি। একপর্যায়ে চিৎকার করতে করতে সড়কের ওপর লুটিয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শী শাহাদাত হোসাইন জানান, ঘটনার সময় তার বোন বারান্দা থেকে ছুরিকাঘাতের দৃশ্য দেখে চিৎকার করেন। পরে তিনি বাইরে গিয়ে দেখতে পান, এক কিশোর স্কুলড্রেস পরা মেয়েটিকে ছুরিকাঘাত করছে। কখনো চুল ধরে, আবার কখনো শরীরের বিভিন্ন স্থানে আঘাত করছিল। প্রায় ৩০ সেকেন্ডের মধ্যে হামলা চালিয়ে ছুরিটি ফেলে রেখে পালিয়ে যায় ওই কিশোর।
পরে ছাত্রীর মা বাসা থেকে নিচে নেমে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। স্থানীয়দের সহায়তায় একটি রিকশায় করে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
আহত ছাত্রীর বাবা জানান, ঘটনার সময় তিনি পেশাগত কাজে বাইরে ছিলেন। মেয়ের মায়ের ফোন পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান। তবে কী কারণে তার মেয়ের ওপর এ হামলা হয়েছে, তা তিনি বুঝতে পারছেন না। এর আগে মেয়ে তাকে এ ধরনের কোনো সমস্যার কথা জানায়নি। কেউ তাকে উত্ত্যক্ত করত কি না, সে বিষয়েও তিনি অবগত নন।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বিকেলে জানান, ঘটনাস্থলের ভবনে থাকা সিসিটিভি ক্যামেরার একাধিক ফুটেজ দেখে অভিযুক্ত কিশোরকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছিল। হামলায় ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে। অভিযুক্ত কিশোর শহরের একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ ইকবাল জানান, ধারালো ছুরির আঘাতে ছাত্রীর হাতে দুটি গভীর ক্ষতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। সব ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন এবং হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে সোমবার রাতে জেলা পুলিশের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে অভিযুক্ত কিশোরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে হামলার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।