আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 12, 2026, 1:07 pm || প্রকাশের তারিখ: November 12, 2026, 12:45 pm
আশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনায় ‘বুলেট’সহ আরও বেশ কয়েকজন গ্রেপ্তার
আশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনায় 'বুলেট'সহ আরও বেশ কয়েকজন গ্রেপ্তার

 

মোস্তাবিন সিয়াম, বিশেষ প্রতিনিধি

 

ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুর ও হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনার মূল হোতা হিসেবে অভিযুক্ত 'বুলেট'সহ আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আজ ১২ অক্টোবর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট পুলিশ সূত্রে জানা গেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, রাজধানী ঢাকা ও এর আশপাশের শিল্পাঞ্চলগুলোতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা অসংখ্য মানুষ পোশাক কারখানায় কর্মরত রয়েছেন। সম্প্রতি মজুরি বৃদ্ধির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলনের সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার শারমিন গ্রুপসহ বেশ কয়েকটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর চালায়।

 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযোগ অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের একদল নেতাকর্মী ও সহযোগী এই ভাঙচুর ও অস্থিতিশীলতা সৃষ্টির সাথে জড়িত ছিলেন এবং এই হামলার নেতৃত্বে ছিলেন বুলেট নামের এক ব্যক্তি। তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

পুলিশ জানায়, ঘটনার পর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ১২ অক্টোবর অভিযান চালিয়ে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুলেটসহ আরও বেশ কয়েকজনকে আটক করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম