আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 13, 2026, 11:12 pm || প্রকাশের তারিখ: November 13, 2026, 10:52 pm
উখিয়ায় ১৮ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, নিয়ন্ত্রিত উত্তোলনের প্রস্তুতি
উখিয়ায় ১৮ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, নিয়ন্ত্রিত উত্তোলনের প্রস্তুতি

বিশেষ প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে বেরিয়ে আসা প্রাকৃতিক গ্যাসের আগুন টানা ১৮ দিন ধরে জ্বলছে। দীর্ঘ পর্যবেক্ষণ শেষে এবার গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ ও নিরাপদে উত্তোলনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। এ লক্ষ্যে ঘটনাস্থলে নেওয়া হচ্ছে ভারী যন্ত্রপাতি, পাইপ ও প্রয়োজনীয় কারিগরি সরঞ্জাম।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে লরি ও ক্রেনের সাহায্যে এসব সরঞ্জাম ঘটনাস্থলে নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্যাসের চাপ ও প্রবাহ বিবেচনায় নিয়ে নিরাপদ পদ্ধতিতে পরবর্তী কার্যক্রম পরিচালনার প্রস্তুতি চলছে। এ বিষয়ে বাপেক্সের বিশেষজ্ঞ দল প্রয়োজনীয় কারিগরি দিকগুলো পরীক্ষা-নিরীক্ষা করছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, নলকূপ থেকে গ্যাস বেরিয়ে আগুন জ্বলে ওঠার পর থেকেই প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঘটনার পরপরই ১৪৪ ধারা জারি করা হয়। এরপর থেকে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন।

তিনি আরও জানান, বাপেক্সের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে অবস্থান করছে। গ্যাসের চাপ ও প্রবাহ, ভূতাত্ত্বিক গঠন এবং নিরাপদে গ্যাস উত্তোলনের সম্ভাব্য পদ্ধতি নিয়ে কাজ করছেন তাঁরা।

বাপেক্সের ভূতত্ত্ববিদ নাসির উদ্দিন জানান, দীর্ঘ পর্যবেক্ষণে গ্যাসের প্রবাহ ও চাপ স্থিতিশীল পাওয়া গেছে। নিরাপত্তা নিশ্চিত করে কীভাবে আগুন নিয়ন্ত্রণে এনে পরবর্তী সময়ে গ্যাস উত্তোলন করা যায়, সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ইনানীতে উল্লেখযোগ্য পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুত থাকার সম্ভাবনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে দীর্ঘ সময় ধরে গ্যাসের প্রবাহ অব্যাহত থাকলেও শুধু এ তথ্যের ভিত্তিতে মজুতের পরিমাণ কিংবা বাণিজ্যিকভাবে উত্তোলনের সম্ভাবনা নিশ্চিত করা যায় না। এ জন্য প্রয়োজন ভূতাত্ত্বিক জরিপ, সিসমিক সমীক্ষা ও বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা।

সংশ্লিষ্টদের মতে, পর্যাপ্ত গ্যাসের মজুত শনাক্ত এবং বাণিজ্যিকভাবে উত্তোলন সম্ভব হলে ইনানী দেশের সম্ভাব্য ৩১তম গ্যাসক্ষেত্র হিসেবে বিবেচিত হতে পারে। এমন সম্ভাবনা বাস্তবায়িত হলে দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। পাশাপাশি জাতীয় জ্বালানি নিরাপত্তা জোরদার ও আমদানিনির্ভরতা কমাতেও ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী এলাকায় একটি গভীর নলকূপ খননের সময় প্রায় এক হাজার ফুট গভীর থেকে হঠাৎ গ্যাস বেরিয়ে আসে। একপর্যায়ে সেই গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে টানা ১৮ দিন ধরে জ্বলছে আগুন। ঘটনার পর থেকেই বাপেক্স, পেট্রোবাংলা ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ ও নিরাপদে উত্তোলনের প্রস্তুতি শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম