আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 14, 2026, 3:27 pm || প্রকাশের তারিখ: November 14, 2026, 1:10 pm
গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তায় স্যাটেলাইট বসাচ্ছে সরকার
গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঝড়, দুর্ঘটনা কিংবা যান্ত্রিক ত্রুটিতে বিপদে পড়া জেলেদের দ্রুত শনাক্ত ও উদ্ধারে স্যাটেলাইটভিত্তিক নজরদারি ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ ব্যবস্থার মাধ্যমে বঙ্গোপসাগরে মাছ ধরার নৌযানগুলোর অবস্থান ও গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা যাবে। এতে সামুদ্রিক নিরাপত্তা জোরদারের পাশাপাশি মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও জ্বালানি সাশ্রয়ের সুযোগ তৈরি হবে।

এ জন্য স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বা অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) স্যাটেলাইট বসানোর পরিকল্পনা করছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে এ সেবা চালুর লক্ষ্য রয়েছে।

বিএসসিএলের কর্মকর্তারা জানান, বাংলাদেশের সমুদ্রসীমার আয়তন প্রায় ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার। এ জলসীমায় রয়েছে বিপুল মৎস্যসম্পদ, সামুদ্রিক জীববৈচিত্র্য ও অর্থনৈতিক সম্ভাবনা। তবে বিস্তৃত সমুদ্রসীমায় নিয়মিত নজরদারি এখনো বড় চ্যালেঞ্জ। এ সমস্যা মোকাবিলায় চারটি লো আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট, দুটি গ্রাউন্ড স্টেশন এবং তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের জন্য স্থানীয় সার্ভার অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এর ফলে সামুদ্রিক নৌযানসংক্রান্ত তথ্য দেশের নিজস্ব অবকাঠামোয় সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা যাবে। একই সঙ্গে বিদেশি তৃতীয় পক্ষের ওপর নির্ভরশীলতা কমবে। বর্তমানে মহাকাশে থাকা বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মূলত টেলিযোগাযোগ ও সম্প্রচার সেবার জন্য তৈরি।

পরিকল্পিত ব্যবস্থায় পুরো বঙ্গোপসাগরীয় এলাকায় সর্বোচ্চ ৩০ মিনিটের রিভিজিট টাইম নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, কোনো নির্দিষ্ট এলাকা একটি স্যাটেলাইট পর্যবেক্ষণের পর সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে আবার পর্যবেক্ষণের আওতায় আসবে। এতে কোন এলাকায় কতগুলো নৌযান চলাচল করছে, কোথায় মাছ ধরার তৎপরতা বেশি এবং কোনো নৌযান নির্ধারিত এলাকার বাইরে যাচ্ছে কি না, তা বিশ্লেষণ করা সম্ভব হবে।

বিপদে পড়া নৌযান শনাক্ত ও উদ্ধার: বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়, উত্তাল ঢেউ, যান্ত্রিক ত্রুটি কিংবা দুর্ঘটনার কবলে পড়ার ঘটনা ঘটে। বিশেষ করে উপকূল থেকে অনেক দূরে গেলে মাছ ধরার নৌযানগুলো মোবাইল নেটওয়ার্কের বাইরে চলে যায়। ফলে কোনো নৌযান বিপদে পড়লে তার সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে নিখোঁজ নৌযান খুঁজে বের করতে দীর্ঘ সময় ধরে অনুসন্ধান চালাতে হয়।

স্যাটেলাইটভিত্তিক এআইএস ব্যবস্থা চালু হলে উপকূল থেকে দূরে অবস্থান করলেও এআইএস সুবিধাসম্পন্ন নৌযানের অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ করা যাবে। এতে নৌবাহিনী ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাগুলোর উদ্ধার তৎপরতা পরিচালনা সহজ হবে।

এ ছাড়া নৌযানের চলাচলের তথ্য বিশ্লেষণ করে যাত্রাপথ পরিকল্পনা করা গেলে অপ্রয়োজনীয় চলাচল কমানো এবং জ্বালানি সাশ্রয় করা সম্ভব হবে। বিএসসিএলের প্রাথমিক হিসাব অনুযায়ী, পরিকল্পিতভাবে যাত্রাপথ নির্ধারণ করা গেলে একটি নৌযান একবারের যাত্রায় সর্বোচ্চ ১৫০ লিটার ডিজেল সাশ্রয় করতে পারে। এ হিসাবে বছরে মোট ৪ কোটি ৫০ লাখ লিটার জ্বালানি সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।

মৎস্যসম্পদ ব্যবস্থাপনা: স্যাটেলাইটভিত্তিক এআইএস ব্যবস্থা চালু হলে সমুদ্রে নৌযানের চলাচল ও মাছ ধরার কার্যক্রম সম্পর্কে দীর্ঘমেয়াদি তথ্য সংরক্ষণ করা যাবে। কোন এলাকায় কতগুলো নৌযান যাচ্ছে, কখন মাছ ধরছে এবং কখন উপকূলে ফিরছে—এসব তথ্য বিশ্লেষণ করে সামুদ্রিক মৎস্য আহরণের একটি সমৃদ্ধ তথ্যভান্ডার গড়ে তোলা সম্ভব হবে।

এ ধরনের তথ্যের মাধ্যমে কোনো এলাকায় অতিরিক্ত মাছ আহরণের প্রবণতা, নির্দিষ্ট সময়ে নৌযানের উপস্থিতি এবং বিভিন্ন অঞ্চলে মাছ ধরার কার্যক্রমের পরিবর্তন পর্যবেক্ষণ করা যাবে। এতে অতিরিক্ত মাছ আহরণ নিয়ন্ত্রণ, সামুদ্রিক প্রজাতি সংরক্ষণ ও টেকসই মৎস্য ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরিতে সহায়তা মিলবে।

তবে এআইএস প্রযুক্তির কাজ সরাসরি সমুদ্রে মাছের অবস্থান শনাক্ত করা নয়। এর মূল উদ্দেশ্য নৌযানের পরিচয় ও গতিবিধি পর্যবেক্ষণ করা। সমুদ্রের কোথায় মাছের উপস্থিতি বেশি, তা জানতে পানির তাপমাত্রা, রং, ক্লোরোফিলের মাত্রা, প্ল্যাঙ্কটনের উপস্থিতি ও সমুদ্রস্রোতের তথ্য বিশ্লেষণ করতে হয়। এসব ক্ষেত্রে স্যাটেলাইট রিমোট সেন্সিংয়ের পাশাপাশি সোনার ও ইকো-সাউন্ডারের মতো প্রযুক্তি ব্যবহার করা হয়।

অর্থাৎ, এআইএস জানাবে নৌযানটি কোথায় রয়েছে, আর সমুদ্রবিজ্ঞানভিত্তিক প্রযুক্তি জানাবে কোন এলাকায় মাছ পাওয়ার সম্ভাবনা বেশি। ভবিষ্যতে এসব তথ্যের সমন্বিত ব্যবহার বঙ্গোপসাগরে আধুনিক ও তথ্যভিত্তিক মৎস্য ব্যবস্থাপনার সুযোগ তৈরি করতে পারে।

সম্ভাব্যতা যাচাই চলছে: বর্তমানে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। কারিগরি নকশা, অর্থায়ন, স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান নির্বাচন ও প্রয়োজনীয় অবকাঠামো তৈরির বিষয়গুলো চূড়ান্ত হওয়ার পর বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে স্যাটেলাইটভিত্তিক এ নজরদারি সেবা চালু করার লক্ষ্য রয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। এ সম্পদের সুরক্ষা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, প্রস্তাবিত স্যাটেলাইটভিত্তিক এআইএস ব্যবস্থা চালু হলে গভীর সমুদ্রে মাছ ধরার নৌযানগুলোর অবস্থান ও গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ফলে কোনো নৌযান দুর্ঘটনা বা দুর্যোগের কবলে পড়লে দ্রুত তার অবস্থান শনাক্ত করে উদ্ধার কার্যক্রম পরিচালনায় সহায়তা পাওয়া যাবে।

মুহাম্মদ ইমাদুর রহমান আরও বলেন, ‘আমরা এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে বাংলাদেশের সামুদ্রিক সম্পদ ও নৌযানসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেশের নিজস্ব স্যাটেলাইট ও সার্ভার অবকাঠামোর মাধ্যমে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা যাবে।’

তিনি বলেন, এটি শুধু একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়; বরং বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতির উন্নয়ন, জেলেদের নিরাপত্তা ও সামুদ্রিক সার্বভৌমত্ব সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নৌযানের চলাচল ও মৎস্য আহরণের তথ্য বিশ্লেষণের মাধ্যমে সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা, অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ ধরা প্রতিরোধ এবং জ্বালানি সাশ্রয়েও এ প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম