আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 14, 2026, 8:30 pm || প্রকাশের তারিখ: November 14, 2026, 6:35 pm
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযান: ৩৮ জেলে আটক, ২.২৫ টন মাছ জব্দ
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযান: ৩৮ জেলে আটক, ২.২৫ টন মাছ জব্দ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৩টার দিকে অপারেশন ‘কোরাল দ্বীপ’-এর আওতায় কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ অভিযানটি পরিচালনা করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শনিবার বিকেলে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে সমুদ্র এলাকায় প্রায় ১২ মিটার গভীরতায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ৩৮ জন জেলেকে আটক করা হয়।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, জব্দ করা ট্রলিং বোট, জাল, মাছ এবং আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধভাবে মাছ আহরণ প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম