আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 15, 2026, 4:46 pm || প্রকাশের তারিখ: November 15, 2026, 3:10 pm
সাটুরিয়ায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে বিরোধ, পিটুনিতে বড় ভাইয়ের মৃত্যু
সাটুরিয়ায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে বিরোধ, পিটুনিতে বড় ভাইয়ের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়ায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় রমজান আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকার শ্যামলীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত রমজান আলী সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের শিমুলিয়া পশ্চিম খালপাড় এলাকার চান্দু মিয়ার ছেলে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে একই এলাকার নূর মোহাম্মদ (২২) ও আশিক (১৮)-এর মধ্যে বিড়ি খাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আশিক বাঁশের লাঠি দিয়ে নূর মোহাম্মদের মাথায় আঘাত করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

এরই জেরে শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে একই এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে চেয়ারে বসে থাকা নূর মোহাম্মদের বড় ভাই রমজান আলীর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় আশিক ও তাঁর বাবা ছানোয়ার হোসেন (৪৮) বাঁশের লাঠি দিয়ে রমজানের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে তাঁকে ঢাকার শ্যামলীর ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম