শাহজাদপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রতিনিধি
তরুণ উদ্যোক্তা সৃষ্টি, সম্ভাবনাময় উদ্যোগের বিকাশ এবং নতুন উদ্যোক্তাদের আর্থিক সহায়তার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে অনুষ্ঠিত হয়েছে উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম।
এ কর্মসূচির মাধ্যমে সম্ভাবনাময় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, নতুন নতুন উদ্যোগ গ্রহণে উৎসাহিত করা এবং তাঁদের জন্য প্রয়োজনীয় অর্থায়নের সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে ব্র্যাক ব্যাংক পিএলসি, শাহজাদপুর শাখা, সিরাজগঞ্জ। শাহজাদপুর উপজেলার সকল তফসিলি ব্যাংকের আয়োজনে এবং বাংলাদেশ ব্যাংক, বগুড়ার সহযোগিতায় এ প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, বগুড়ার প্রশাসন বিভাগের সহকারী পরিচালক মো. রায়হান কবির, শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম, ব্র্যাক ব্যাংকের শাহজাদপুর শাখার ম্যানেজার এস এম জাকির হোসেন প্রমুখ।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দায়িত্বরত ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় তরুণ উদ্যোক্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ সৃষ্টি, নতুন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণে উৎসাহ প্রদান এবং সহজতর অর্থায়নের সুযোগ সম্পর্কে সচেতনতা বাড়বে। এর ফলে তরুণ উদ্যোক্তারা নিজেদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখতে পারবেন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম