আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 17, 2026, 5:28 pm || প্রকাশের তারিখ: November 17, 2026, 3:37 pm
মৌলভীবাজার সদরে আমন ধান কাটা শুরু, ন্যায্য দাম না পেয়ে হতাশ কৃষকরা
মৌলভীবাজার সদরে আমন ধান কাটা শুরু, ন্যায্য দাম না পেয়ে হতাশ কৃষকরা

নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজার সদর উপজেলায় শুরু হয়েছে আমন ধান কাটা। গত চার-পাঁচ দিন ধরে মাঠে ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মাঠজুড়ে সোনালি ধানের সমারোহ দেখা গেলেও উৎপাদন খরচের তুলনায় ধানের ন্যায্য দাম না পাওয়ায় হতাশ কৃষকরা।
মাঠে কথা হয় কৃষক মোঃ আব্দুল আজিজের সঙ্গে। তিনি জানান, এবার প্রতি বিঘা জমিতে ১২ থেকে ১৪ মণ ধান উৎপাদন হচ্ছে। তিনি ৭ কেয়ার জমিতে ধান চাষ করেছেন। তবে সার, তেল, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় চাষাবাদের খরচ অনেক বেশি হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে প্রতি মণ ধান ৮০০ থেকে ৯০০ টাকা দরে ব্যবসায়ীরা কিনছেন। সরকারি পর্যায়ে ধান কেনার কার্যক্রম না থাকায় কৃষকদের অনেকেই ন্যায্য দাম পাওয়া নিয়ে চিন্তিত।
কৃষক আব্দুল আজিজ বলেন, গত বছরের তুলনায় এবার সারের দাম বেড়েছে। পোকামাকড় দমনের ওষুধও কিনতে হচ্ছে বেশি দামে। তাঁর ভাষ্য অনুযায়ী, ১০০ গ্রাম ওষুধের দাম ৭০০ টাকা এবং বীজের দাম ৩০০ টাকা। ফলে উৎপাদন খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে।
এ সময় পাশে থাকা আরেক কৃষক মোমিন মিয়া জানান, তিনি ৮ কেয়ার জমিতে ধান চাষ করেছেন। তিনিও উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে ধানের ন্যায্য দাম পাওয়ার প্রত্যাশা করছেন।
কৃষকদের দাবি, সার, বীজ, কীটনাশক, জ্বালানি ও শ্রমিকের মজুরির ঊর্ধ্বগতির বিষয়টি বিবেচনায় নিয়ে ধানের ন্যায্যমূল্য নির্ধারণ করতে হবে। পাশাপাশি সরকারি উদ্যোগে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার ব্যবস্থা করা হলে তাঁরা উপকৃত হবেন।
কৃষকদের মতে, মাঠে ফসল ফলাতে তাঁদের অনেক পরিশ্রম ও অর্থ ব্যয় করতে হয়। কিন্তু উৎপাদিত ধানের ন্যায্য দাম না পেলে কৃষিকাজে আগ্রহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই কৃষকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন তাঁরা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম