গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার
গোপালগঞ্জ প্রতিনিধি।
গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রত্যুষ কুমার মজুমদার। সোমবার (১৬ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার সকালে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে বিদায়ী পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বিপিএম-সেবার কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।
প্রত্যুষ কুমার মজুমদার ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তাঁর বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার কাশিপুর গ্রামে। চলতি বছরের ১৫ জুন তিনি ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছিলেন। এর আগে ঝালকাঠি ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন শাখা ঘুরে দেখেন। এ সময় তিনি কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন নতুন পুলিশ সুপার।
এর আগে রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনী থেকে গোপালগঞ্জে বদলি করা হয়। একই আদেশে গোপালগঞ্জের তৎকালীন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়।
উল্লেখ্য, রোববার গোপালগঞ্জ শহরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল এবং উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে এই রদবদলের আদেশ আসে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম