আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 18, 2026, 11:35 am || প্রকাশের তারিখ: November 18, 2026, 10:55 am
ভান্ডারিয়ায় দুর্বৃত্তদের আগুনে পুড়ল দুটি বাস, ঘুমন্ত হেলপারের মর্মান্তিক মৃত্যু
ভান্ডারিয়ায় দুর্বৃত্তদের আগুনে পুড়ল দুটি বাস, ঘুমন্ত হেলপারের মর্মান্তিক মৃত্যু

 

​বিশেষ প্রতিনিধি:

 

​পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে সংঘটিত এই অগ্নিসংযোগের ঘটনায় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা মো. সিয়াম নামের এক হেলপার দগ্ধ হয়ে মারা গেছেন। এ ছাড়া একই রাতে জেলার নাজিরপুর উপজেলায় সড়কের পাশের চারটি দোকানেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

​ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বাসে আগুন ও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মো. সিয়ামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা ছিল বরিশাল মালিক সমিতির ‘বাহক’ এবং ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ পরিবহনের দুটি বাস। বুধবার ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

​বাসে আগুন জ্বলতে দেখে ওই এলাকায় টহলরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। বড় ধরনের প্রাণহানি এড়াতে পুলিশ তাৎক্ষণিকভাবে আশপাশের অন্যান্য বাসে ঘুমিয়ে থাকা চালক ও সহকারীদের জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পর ‘বাহক’ পরিবহনের বাসটির ভেতর থেকে হেলপার মো. সিয়ামের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য মরদেহটি ভান্ডারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস।

এদিকে ভান্ডারিয়ার ঘটনার পাশাপাশি একই রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে থাকা চারটি দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দোকানগুলোর মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম