প্রিন্ট এর তারিখ: November 18, 2026, 5:46 pm || প্রকাশের তারিখ: November 18, 2026, 3:42 pm
কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর, অগ্নিসংযোগ
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময় গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী উপজেলা শাখায় ভাঙচুর চালিয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্রে আগুন দেওয়া হয়। এ ছাড়া কয়েকটি দোকানেও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
স্থানীয়দের অভিযোগ, কার্যক্রম আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসব হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলা সদরের বাসস্ট্যান্ড ও ঘোনাপাড়া বাজার এলাকায় এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হঠাৎ এসে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা চালান। এ সময় কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করা হয় এবং বিএনপির একটি তোরণ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
পরে উপজেলার ঘোনাপাড়া বাজারে গ্রামীণ ব্যাংকের শাখা, রাতইল ইউনিয়ন বিএনপির কার্যালয় এবং একটি দোকানে ভাঙচুর চালানো হয়। এ সময় গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কাগজপত্রেও আগুন দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ বিষয়ে জানতে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ ঘটনায় পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।