রুহিয়ায় সরকারি রাস্তার পাশের ১৩ ইউক্যালিপটাস গাছ কাটার অভিযোগ, ভূমি কর্মকর্তার নীরবতা নিয়ে প্রশ্ন
(ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সরকারি রাস্তার পাশ থেকে ১৩টি বড় ইউক্যালিপটাস গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অভিযোগের বিষয়ে জানতে ইউনিয়ন ভূমি কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রথমে তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে ফোন রিসিভ করে সাংবাদিক পরিচয় জানার পর গাছ কাটার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের কমলাডাঙ্গা স্কুলের পূর্ব পাশে সরকারি পাকা রাস্তার ধারে থাকা ১৩টি বড় ইউক্যালিপটাস গাছ কেটে ফেলা হয়েছে। অভিযোগ রয়েছে, আসাননগর এলাকার মৃত বেশার উদ্দীনের ছেলে এনামুল হক (৬২) গাছগুলো বিক্রি করেছেন। আর গাছগুলো কিনেছেন ভূল্লী থানার দেবীপুর ইউনিয়নের মোলানী এলাকার মৃত হবিবর রহমানের ছেলে আবু হোসেন (৫৫)।
গাছগুলো সরকারি রাস্তার পাশের সম্পত্তি হলে সেগুলো কাটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব ও তদারকি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
ঘটনার বিষয়ে জানতে রাজাগাঁও ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তা (তহশিলদার) কাফির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে প্রথম দিন তিনি ফোন রিসিভ করেননি। পরদিন, ১৮ নভেম্বর বুধবার, পুনরায় যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন। সাংবাদিক পরিচয় দেওয়ার পর গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন বলে অভিযোগ করেন প্রতিবেদক। এরপর একাধিকবার ফোন করা হলেও তিনি আর সাড়া দেননি।
এ বিষয়ে রাজাগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহেরুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, “এ বিষয়ে কেউ আমাকে অবগত করেনি।”
সরকারি রাস্তার পাশের গাছ কাটার ঘটনায় যথাযথ তদন্ত করে গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে সরকারি সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম