প্রিন্ট এর তারিখ: November 19, 2026, 11:37 pm || প্রকাশের তারিখ: November 19, 2026, 9:34 pm
নবীনগর-চন্দ্রা মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা
মোস্তাবিন সিয়াম বিশেষ প্রতিনিধি
ঢাকার আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে পার্কিং করে রাখা একটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে নতুন ডিইপিজেডের (ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে সড়কের পাশে ট্রাকটি পার্কিং করা ছিল। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট। ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে ট্রাকটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারা এবং কী উদ্দেশ্যে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।