আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 20, 2026, 6:40 am || প্রকাশের তারিখ: November 20, 2026, 6:21 am
বর্ণাঢ্য আয়োজনে এপেক্স ক্লাব অব নোয়াপাড়ার সুবর্ণজয়ন্তী ও ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে এপেক্স ক্লাব অব নোয়াপাড়ার সুবর্ণজয়ন্তী ও ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 

আহমদ রেজা

 

বর্ণাঢ্য আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এপেক্স ক্লাব অব নোয়াপাড়ার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উৎসব, ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ফ্যামিলি নাইট।

সেবা, সুনাগরিকত্ব ও সৌহার্দ্যের আদর্শে প্রতিষ্ঠিত এপেক্স বাংলাদেশের জেলা-০৩-এর অন্তর্ভুক্ত এপেক্স ক্লাব অব নোয়াপাড়ার গৌরবময় ৫০ বছরের পথচলা উদযাপন উপলক্ষে এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চট্টগ্রামের আগ্রাবাদে সেনাকল্যাণ সংস্থার বেস্ট ওয়েস্টার্ন হোটেলের জিনুক ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত এ আয়োজনে সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি এপেক্সিয়ান মুহাম্মদ মুছা আলম খান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি কে গ্রুপের বিজনেস ডিরেক্টর মোহাম্মদ মোফাচ্ছল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান অ্যাডভোকেট শওকত আলী পেনটু, এপেক্সিয়ান নাসিম আহমদ, এস কে দত্ত অনুপ, আবু নাঈম মো. মাকসুদুর রহমান, সদ্য অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান মুহাম্মদ মনিরুল ইসলাম ভূঁইয়া, অতীত জাতীয় সভাপতি ও চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এপেক্সিয়ান মোহাম্মদ ইলিয়াছ জসিম, অতীত জেলা গভর্নর ও অতীত জাতীয় সেবা পরিচালক অ্যাডভোকেট মোহাম্মদ কামাল উদ্দিন, পিডিজি-০৩ অ্যাডভোকেট এরশাদুর রহমান রিঠু, জেলা গভর্নর এপেক্সিয়ান ইয়াসির আরাফাত, অ্যাডভোকেট আবছার উদ্দিন হেলাল, আলহাজ এনামুল হক ও মোস্তাফিজুর রহমান বিপ্লব।

এছাড়াও উপস্থিত ছিলেন এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার ফয়সাল ফরিদ, ইঞ্জিনিয়ার মহসিন, অ্যাডভোকেট জয়নুল আবেদীনসহ ক্লাবের প্রাক্তন ও বর্তমান নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বক্তব্যে সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম এবং ক্লাবের বর্তমান সভাপতি মুহাম্মদ মুছা আলম খান চৌধুরী বলেন, দীর্ঘ ৫০ বছরের গৌরবময় পথচলায় এপেক্স ক্লাব অব নোয়াপাড়া আর্তমানবতার সেবা ও সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনের সেবামূলক কর্মকাণ্ড আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

এ সময় ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও প্রাক্তন সভাপতিরা তাঁদের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সুবর্ণজয়ন্তীর কেক কাটা পর্ব। অতিথি ও ক্লাবের সদস্যরা একসঙ্গে কেক কেটে ক্লাবের ৫০ বছরের গৌরবময় পথচলা উদযাপন করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় ক্লাবের ১৬তম বার্ষিক সাধারণ সভা। সভায় বিগত বছরের বার্ষিক প্রতিবেদন ও আর্থিক হিসাব উপস্থাপন করা হয়। পাশাপাশি আগামী বছরের জন্য ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়।

নতুন কার্যকরী পরিষদে এপেক্সিয়ান মুহাম্মদ দেলোয়ার হোসেনকে ক্লাব সভাপতি এবং এপেক্সিয়ান ফারহানা আফরোজ খানমকে সেক্রেটারি ও ডিনার নোটিশ এডিটর হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

সুবর্ণজয়ন্তী উপলক্ষে ক্লাবের প্রাক্তন সভাপতি, গুণীজন এবং সমাজসেবায় বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিশেষভাবে ক্লাবের ৫০ বছরের ইতিহাসে অন্যতম সেরা সভাপতি হিসেবে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বর্তমান সভাপতি এপেক্সিয়ান মুহাম্মদ মুছা আলম খান চৌধুরীকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান আয়োজক কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম ও প্রধান অতিথি মোহাম্মদ মোফাচ্ছল হক তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও এপেক্সিয়ানরা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তাঁদের মতে, এমন সুন্দর ও বর্ণাঢ্য আয়োজন আগে কখনো দেখা যায়নি। পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক বিশাল পারিবারিক মিলনমেলায়। দীর্ঘদিনের সহযাত্রী, প্রাক্তন ও বর্তমান সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

সবশেষে আন্তর্জাতিক বিশ্বতানের প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহার নেতৃত্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। পরে অতিথি, এপেক্সিয়ান, ক্লাব সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয় সুবর্ণজয়ন্তীর বর্ণাঢ্য আয়োজন।

অনুষ্ঠানে ক্লাবের সকল সদস্য, তাঁদের পরিবারবর্গ এবং বিভিন্ন ক্লাবের বিপুলসংখ্যক সম্মানিত এপেক্সিয়ান উপস্থিত ছিলেন।

সেবার অঙ্গীকার, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারিবারিক বন্ধনের এক অনন্য মিলনমেলায় পরিণত হওয়া এ আয়োজন এপেক্স ক্লাব অব নোয়াপাড়ার ৫০ বছরের গৌরবময় ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম