প্রিন্ট এর তারিখ: November 21, 2026, 8:02 pm || প্রকাশের তারিখ: November 21, 2026, 7:27 pm
কুমিল্লা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
কুমিল্লা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার
মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কুমিল্লা সেনানিবাসে উদযাপিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও কুমিল্লা এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
স্বাগত বক্তব্যে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের সাহস, ত্যাগ ও অবিস্মরণীয় অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। পাশাপাশি জাতীয় দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহযোগিতা এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমেও সশস্ত্র বাহিনীর ভূমিকা রয়েছে।
আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদানের কথা উল্লেখ করেন তিনি। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পেশাদারত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি জানান।
সশস্ত্র বাহিনীর ভবিষ্যৎ সক্ষমতা প্রসঙ্গে তিনি আধুনিক সামরিক প্রযুক্তির ব্যবহার, দেশীয় প্রযুক্তির বিকাশ এবং উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এসব উদ্যোগের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, দক্ষ ও স্বনির্ভর করে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য,১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বিত অভিযান মুক্তিযুদ্ধকে নতুন মাত্রা দেয়। সম্মিলিতভাবে প্রতিরোধ ও আক্রমণ জোরদারের ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করে বাংলাদেশ। এ ঐতিহাসিক দিনটির স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।