আনোয়ারা কেইপিজেডে স্থানীয় শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের সুযোগ নিয়ে প্রশ্ন
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কেইপিজেড (কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) শিল্প এলাকায় কর্মসংস্থানের সুযোগ নিয়ে স্থানীয় শিক্ষিত বেকার যুবকদের মধ্যে নানা প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে। আনোয়ারা, বৈরাগসহ চট্টগ্রাম দক্ষিণ জেলার অনেক শিক্ষিত বেকার যুবক দীর্ঘদিন ধরে চাকরির আশায় অপেক্ষা করলেও তাঁদের কর্মসংস্থানের সুযোগ কতটুকু তৈরি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি চোখে পড়ছে। বিশেষ করে কোনো কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের উদ্দেশে সরাসরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে স্থানীয় সাধারণ শিক্ষিত বেকার যুবকদের মধ্যে বৈষম্যের আশঙ্কা তৈরি হয়েছে।
এলাকাবাসীর প্রশ্ন, আনোয়ারায় এত বড় শিল্পাঞ্চল গড়ে উঠলেও স্থানীয় শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ কেন আরও সম্প্রসারিত হচ্ছে না? নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হচ্ছে কি না, সেটিও স্পষ্ট হওয়া প্রয়োজন।
স্থানীয় সচেতন মহলের দাবি, কেইপিজেড কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলো নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করবে। পাশাপাশি স্থানীয় শিক্ষিত বেকারদের জন্য চাকরির সুযোগ বৃদ্ধি, নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপক প্রচার এবং যোগ্যতার ভিত্তিতে সবার অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।
আনোয়ারা ও চট্টগ্রাম দক্ষিণ জেলার বেকার যুবকদের প্রত্যাশা—শিল্পায়নের সুফল যেন স্থানীয় জনগোষ্ঠীও সমানভাবে পায়। কর্মসংস্থানের ক্ষেত্রে কোনো জনগোষ্ঠীকে বঞ্চিত না করে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে সবার জন্য ন্যায্য সুযোগ নিশ্চিত করা হোক।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম