প্রিন্ট এর তারিখ: November 24, 2026, 1:29 am || প্রকাশের তারিখ: November 24, 2026, 12:04 am
পিরোজপুরের বেকুটিয়া সেতুতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১ ও আহত ৪
মোঃ মাকিবুর রহমান
মালটিমিডিয়া রিপোর্টের
পিরোজপুরের বেকুটিয়া সেতুতে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে শান্ত নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে মাহফুজ ও সাজিদ নামে দুজনের পরিচয় পাওয়া গেছে। আহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে হঠাৎ বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে দুটি মোটরসাইকেল এবং পাঁচজন আরোহীকে সড়কের ওপর পড়ে থাকতে দেখেন তারা। দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।
পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণ ও বিস্তারিত পরিস্থিতি জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষা করা হচ্ছে।