আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 28, 2026, 6:53 pm || প্রকাশের তারিখ: November 28, 2026, 5:56 pm
জিন্নাহর সমাধিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা
পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ছয় দিনের সরকারি সফরে পাকিস্তানে অবস্থানরত তাঁর নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল করাচিতে এ শ্রদ্ধা নিবেদন করে।

শনিবার (২৮ নভেম্বর) ঢাকার পাকিস্তান হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশের স্পিকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল করাচিতে জিন্নাহর সমাধিসৌধ পরিদর্শন করে। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা পাকিস্তানের প্রতিষ্ঠাতার প্রতি সম্মান জানিয়ে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) সিন্ধু প্রাদেশিক পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানান পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে ছয় দিনের সরকারি সফরে পাকিস্তান গেছে বাংলাদেশি প্রতিনিধিদল।

প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান ও নিলুফার চৌধুরী মনি। এ ছাড়া সংসদীয় বাংলাদেশ-পাকিস্তান মৈত্রী গ্রুপের সভাপতি নাসের রহমান এবং বাংলাদেশ দূতাবাসের উপহাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাতও দলের সঙ্গে রয়েছেন।

ইসলামাবাদ ও লাহোরে সরকারি কর্মসূচি শেষ করে করাচিতে পৌঁছান প্রতিনিধিদলের সদস্যরা। বিমানবন্দরে সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকারের পক্ষে তাঁদের স্বাগত জানান প্রাদেশিক মন্ত্রী রিয়াজ হুসেন শাহ শিরাজি, সংসদ সদস্য জাম শাব্বির আলী খান ও মুহাম্মদ ইউসুফ বালুচ। এ সময় পরিষদের সচিব জি এম উমর ফারুক, বিশেষ সচিব সৈয়দ হাসান আলী শাহ এবং মহাপরিচালক ইরফান আহমেদ উপস্থিত ছিলেন।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে এই সরকারি সফরে গেছেন বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল। সফরসূচিতে রয়েছে সিন্ধু প্রাদেশিক পরিষদ পরিদর্শন এবং প্রাদেশিক রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক।

এসব বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সংসদীয় সম্পর্ক আরও দৃঢ় করা, অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম