আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 29, 2026, 3:43 pm || প্রকাশের তারিখ: November 29, 2026, 11:36 am
সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী ও দুই শ্যালক আটক
পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানা এবং তাঁর দুই ভাইকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

রোববার (২৯ নভেম্বর) সকালে ডিবিপ্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। শায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। তাঁর স্বামী মনিরুল ইসলামকে ইতোমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে সাবেক এই পুলিশ কর্মকর্তা।

এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর শায়লা ফারজানাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। ওই দিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। এ ছাড়া বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিবের দায়িত্বও পালন করেছেন।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আসামি শায়লা ফারজানা। তাঁর বিরুদ্ধে পলাতক স্বামী মনিরুল ইসলামের নির্দেশনায় সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগও রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম